তিস্তা নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল বর্তমানে পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা দাবি করছে, বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। অথচ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে থাকাকালে ওই দলটিরই দুজন সদস্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপি যদি সত্যিই এতটা খারাপ হতো, তাহলে তারা তখন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে কেন চলে আসেননি—এ প্রশ্ন রাখেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। এর আগে বিকেল ৪টা ৩ মিনিটে তিনি স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। এ সময় স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা।
বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ওই দুই মন্ত্রী পদত্যাগ করেননি কারণ তারা জানতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠোর হাতে দুর্নীতি দমন করছিলেন। তৎকালীন সরকারে থাকা সবাই জানত, বেগম জিয়া কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না।
তারেক রহমান আরও বলেন, আন্তর্জাতিক সব পরিসংখ্যানেই প্রমাণিত, পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সময় দেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। কিন্তু ২০০১ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশ ধীরে ধীরে দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্ত হতে শুরু করে।
তিনি বলেন, আজ যারা বিএনপিকে দোষারোপ করছে, সরকারের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তাদের দুই মন্ত্রীর বহাল থাকা প্রমাণ করে—তারা নিজেরাই মিথ্যা বলছে।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফজরের নামাজ আদায় করে লাইনে দাঁড়াবেন। শুধু ভোট দিয়ে চলে এলেই হবে না, ভোটের ফলাফল কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে, যাতে কেউ ভোট লুট করতে না পারে।
আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে খাল খনন কর্মসূচিতে। সবাই কোদাল নিয়ে আসবেন, সেদিন আমিও থাকব।
সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন। তারা দলীয় দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় স্লোগান ওঠে—‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে’।
Leave a Reply