ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের রাজনৈতিক ঝোঁক নিয়ে একটি জনমত জরিপ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএসডি)। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই জরিপের ফলাফল তুলে ধরা হয়।
জরিপটি দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সরাসরি ২০ হাজারের বেশি মানুষের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। জরিপের ফল অনুযায়ী, আগামী জাতীয় নির্বাচনে ৭০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছেন। জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ১৯ শতাংশ মানুষ। নতুন দল এনসিপির পক্ষে সমর্থন রয়েছে ২ দশমিক ৬ শতাংশের, আর অন্যান্য রাজনৈতিক দল মিলিয়ে সমর্থন পেয়েছে প্রায় ৫ শতাংশ। ভোট না দেওয়ার কথা জানিয়েছেন খুবই অল্পসংখ্যক উত্তরদাতা।
জরিপে সরকার গঠন নিয়ে জনগণের প্রত্যাশাও উঠে এসেছে। এতে ৭৭ শতাংশ মানুষ মনে করেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। ১৭ শতাংশের মতে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে। এনসিপি ও জাতীয় পার্টিকে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখছেন মাত্র কয়েকজন।
বিশ্লেষকদের মতে, এই জরিপ ভোটারদের বর্তমান মনোভাবের একটি ধারণা দিলেও চূড়ান্ত ফলাফল নির্ভর করবে নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক জোট এবং মাঠপর্যায়ের বাস্তবতার ওপর।
Leave a Reply