নিজস্ব প্রতিনিধি
অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলেও চোট গুরুতর নয় বলে জানিয়েছে দলটির টিম ম্যানেজমেন্ট।
বিপিএলে টানা দুই দিনের ম্যাচ শেষে আজ (রোববার) ছিল দলের বিরতি। এই সুযোগে সিলেটের আউটার মাঠে অনুশীলনে নামেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। অনুশীলনের এক পর্যায়ে সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে শরীফুলের মাথার এক পাশে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্ট তাকে পর্যবেক্ষণে নেয় এবং চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “আঘাত খুব একটা গুরুতর নয়। যেহেতু মাথায় লেগেছে, তাই কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সে আবার হোটেলে ফিরে এসেছে।”
তিনি আরও জানান, শরীফুল এখন ভালো আছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী ম্যাচে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই পেসারের আঘাতের খবরে সমর্থকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও টিম ম্যানেজমেন্টের আশ্বস্তকারী বক্তব্যে স্বস্তি ফিরেছে। চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
Leave a Reply