নিজস্ব প্রতিনিধি,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে লাখো নেতা–কর্মী ও সমর্থক ঢাকায় ছুটে আসছেন। বিশেষ করে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় নির্মিত গণসংবর্ধনা মঞ্চের আশপাশে ক্রমেই বাড়ছে মানুষের ঢল।
বুধবার (২৪ ডিসেম্বর) থেকেই বিএনপির নেতা–কর্মীরা মঞ্চের সামনে অবস্থান নিতে শুরু করেন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও স্লোগানে পুরো এলাকা পরিণত হয়েছে এক বিশাল উৎসবমুখর জনসমুদ্রে। কনকনে শীত উপেক্ষা করেই নেতা–কর্মীরা প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন।
এই ভিড়ের মধ্যেই সবার নজর কেড়েছে এক ব্যতিক্রমী দৃশ্য। শেরপুর থেকে আসা অটোরিকশা চালক মো. রিয়াজ উদ্দিন কাঁধে করে এনেছেন প্রায় ৫০ কেজি ধান। তিনি জানান, শুধু তারেক রহমানকে দেখার আশায় শীতের রাতেও খোলা গায়ে রাস্তায় কাটিয়েছেন পুরো সময়। রিয়াজ উদ্দিন বলেন, ‘আমার নেতা আসছেন—শীত আবার কীসের? কোনো ঠান্ডা লাগেনি, উল্টো গরম লাগছে। তাকে না দেখে এখান থেকে যাব না। এই ধানগুলো তাকেই দিতে চাই।’
বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ৯টা ৫৫ মিনিটে তার ফ্লাইট সিলেটে অবতরণ করবে। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা ফুল দিয়ে তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। পরে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে আবেগ ও প্রত্যাশার পারদ তুঙ্গে।









Leave a Reply