1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 2:51 pm

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা ঘিরে শঙ্কা, গানম্যান চেয়ে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হচ্ছেন হিরো আলম

Reporter Name
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 139 Time View

নিজস্ব প্রতিনিধি,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত। বর্তমান পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি প্রধান উপদেষ্টার কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন তিনি।

হিরো আলম জানান, জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি একজন নিরাপত্তা কর্মী বা গানম্যান চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

এর আগে গত মাসেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন হিরো আলম। যদিও কোন রাজনৈতিক দলের প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তার ইচ্ছা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে হিরো আলম জানান, অতীতেও তিনি একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এবারের নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দল তাকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। তবে কোন দল থেকে নির্বাচন করবেন, তা সময়মতো জানানো হবে বলে উল্লেখ করেন।

হিরো আলমের দাবি, ইতোমধ্যে গণঅধিকার পরিষদ, আম জনতা দল, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ শ্রমজীবী পার্টির পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি ঢাকা ও বগুড়া—এই দুটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV