নিজস্ব প্রতিনিধি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। ঝিনাইদহ-৪ সংসদীয় আসন থেকে তিনি বিএনপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
মঙ্গলবার রাত ২টা ১৬ মিনিটে মুঠোফোনে এক প্রতিবেদককে রাশেদ খান জানান, ওইদিন রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তার প্রার্থিতা নিয়ে চূড়ান্ত আলোচনা হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এম মজিদ উপস্থিত ছিলেন।
রাশেদ খান বলেন, বৈঠকে তাকে জানানো হয়েছে যে ঝিনাইদহ-৪ আসনে তিনি বিএনপির প্রার্থী হচ্ছেন। এ বিষয়ে খুব শিগগিরই দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় একটি জনসভা করবেন—এই শর্তে তিনি উক্ত আসনে বিএনপির প্রার্থী হতে সম্মতি দিয়েছেন।
বিএনপির প্রার্থী হলে তিনি গণঅধিকার পরিষদে থাকবেন কি না—এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, তিনি আগের মতোই গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকবেন এবং দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
এদিকে এই খবর প্রকাশ্যে আসার পর ঝিনাইদহ-৪ আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ওই আসনে বিএনপির নিজস্ব প্রার্থী মনোনয়নের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটিতে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি তিনটি আসনে এখনো দলীয়ভাবে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
Leave a Reply