নিজস্ব প্রতিনিধি,
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নির্বাচনী সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ ও বিক্ষোভের মাত্রা বাড়তে পারে—এমন আশঙ্কা থেকেই এই সতর্কতা দেওয়া হয়েছে।
সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণানুসারে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন যত এগিয়ে আসবে, রাজনৈতিক তৎপরতা তত বেশি সক্রিয় ও উত্তেজনাপূর্ণ হতে পারে বলে উল্লেখ করা হয়।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া কোনো সমাবেশ বা বিক্ষোভও অপ্রত্যাশিতভাবে সহিংস রূপ নিতে পারে। এ কারণে বড় ধরনের জনসমাগম, রাজনৈতিক জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে দূতাবাস পরামর্শ দিয়েছে—চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে, স্থানীয় গণমাধ্যম নিয়মিত অনুসরণ করতে এবং যেকোনো ধরনের ভিড় বা অস্থির পরিবেশ থেকে দূরে থাকতে। জরুরি পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস অথবা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার কথাও জানানো হয়েছে।
এছাড়া নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য দ্রুত পাওয়ার জন্য মার্কিন নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধনের পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply