নিজস্ব প্রতিনিধি,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা পরিকল্পনা নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটি এবারের নির্বাচনকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে এবং পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে সিদ্ধান্ত গ্রহণ করছে। ভোটারদের কাছে আকর্ষণীয় বার্তা পৌঁছাতে সেক্টরভিত্তিক অঙ্গীকার এবং উন্নয়ন পরিকল্পনা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির একজন নীতিনির্ধারক জানান, রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের পুনর্গঠনে প্রতিটি সেক্টরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে বিএনপি। উন্নয়ন পরিকল্পনা, নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও নাগরিক সুবিধা নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরতে আলাদা লিফলেট বিতরণের পরিকল্পনা রয়েছে। সূত্র মতে, এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে প্রচার ও গণসংযোগে নামবে দলটি।
স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সুপরিকল্পিতভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তার দাবি, হোমওয়ার্কের ভিত্তিতেই দলটি “এক কোটি মানুষের কর্মসংস্থান” সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা মানুষের কাছে তুলে ধরাই হবে দলের অন্যতম লক্ষ্য।
বৈঠকে শিক্ষা ও কর্মসংস্থানসহ বিভিন্ন মূল খাতে বিএনপির প্রস্তাবিত রূপরেখা নিয়ে আলোচনা হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রচারণামূলক লিফলেটে তুলে ধরা হবে—১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে খাল ও নদী খনন কর্মসূচি পুনরায় চালু, ৫০ লাখ ফ্যামিলি কার্ড কার্যক্রম এবং দুর্নীতি দমনে কঠোর উদ্যোগসহ বিভিন্ন প্রতিশ্রুতি।
বিএনপি নেতারা মনে করছেন, সেক্টরভিত্তিক সুস্পষ্ট অঙ্গীকার জনগণের মাঝে ইতিবাচক সাড়া তৈরি করবে এবং নির্বাচনে দলের অবস্থান শক্তিশালী করবে।
Leave a Reply