তিস্তা নিউজ ডেস্ক
আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম দিন বাংলা বিষয়ের মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য ইতোমধ্যে সারাদেশে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশ্নফাঁস রোধে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।
রুটিন প্রকাশের সময়ই পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা জারি করা হয়, যা কঠোরভাবে অনুসরণ করতে হবে—
পরীক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা:
১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।
৩. প্রথমে বহুনির্বাচনী (MCQ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে; মাঝখানে কোনো বিরতি থাকবে না।
৪. পরীক্ষার্থীরা প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে সংগ্রহ করবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের নম্বর প্রতিষ্ঠান থেকে কেন্দ্রে পাঠানো হবে এবং অনলাইনে বোর্ডে প্রেরণ করা হবে।
৬. উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে; কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।
৮. নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
৯. প্রবেশপত্র বিতরণে কোনো জটিলতা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।
১০. বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।
১২. সব ধরনের পরীক্ষায় একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে; এ সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বাড়তি সতর্কতা দেখা গেছে। যানজট এড়াতে পরীক্ষার্থীদের সময়ের আগেই কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার সময় কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় না করার জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক প্রস্তুতি ও নির্দেশনা মেনে চললে এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
Leave a Reply