নিজস্ব প্রতিনিধি,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এখনো অস্বস্তিতে রয়েছে বিএনপি। এ পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে স্বতন্ত্র প্রার্থীদের পর্যায়ক্রমে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তলব করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন বিদ্রোহী প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, যাচাই-বাছাই পর্যায়ে তথ্যগত অসঙ্গতির কারণে অন্তত ৩০ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যারা মনোনয়ন প্রত্যাহার করবেন না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ লক্ষ্যে প্রায় প্রতিদিনই স্বতন্ত্র প্রার্থীদের গুলশান কার্যালয়ে ডাকা হচ্ছে।
দলীয় নেতারা জানান, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেউ কেউ স্থানীয়ভাবে জনপ্রিয়, পরীক্ষিত ও ত্যাগী নেতা হওয়ায় তাদের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। প্রথমে বোঝানো ও মূল্যায়নের আশ্বাস দেওয়া হলেও প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত, এমনকি বহিষ্কারও হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আসন সমঝোতা ও জোটগত হিসাবের কারণে অনেক যোগ্য নেতা মনোনয়ন পাননি, ফলে কিছু ক্ষোভ তৈরি হয়েছে। তবে বিষয়গুলো দ্রুতই মীমাংসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গুলশানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান। পরে এক ভিডিও বার্তায় তিনি ধানের শীষের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।









Leave a Reply