নিজস্ব প্রতিনিধি,
আবহাওয়া অধিদপ্তরের এক মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, জানুয়ারি মাসে দেশে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, এ সময় ২-৩টি মৃদু থেকে মাঝারি এবং ১-২টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস, মাঝারি শৈত্যপ্রবাহে ৬-৮ ডিগ্রি এবং তীব্র শৈত্যপ্রবাহে ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই। দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। জানুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে বলেও জানানো হয়েছে।
Leave a Reply