1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 2:51 pm

এনসিপি ছাড়লেন তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে নির্বাচনের ঘোষণা

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025
  • 147 Time View

নিজস্ব প্রতিনিধি,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা–কল্পনা ও সমীকরণ। এরই ধারাবাহিকতায় হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পদত্যাগের পর দলীয় গ্রুপে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, গত দেড় বছরে সহযোদ্ধাদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দলের সবার জন্য শুভকামনাও জানান।

এনসিপি ছাড়ার পরপরই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে, তিনি বিএনপিতে যোগ দিতে পারেন। তবে রোববার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসনিম জারা স্পষ্টভাবে জানান, বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দেন যে আসন্ন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। সেই লক্ষ্যেই তিনি ঢাকা-৯ আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন, যা রোববার সকাল থেকে ব্যাপক সাড়া পেয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট আসনের অন্তত এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। ঢাকা-৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সে হিসেবে তাসনিম জারাকে স্বতন্ত্র প্রার্থী হতে হলে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে।

এর আগে দেওয়া এক আবেগঘন পোস্টে তাসনিম জারা নিজেকে খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর “ঘরের মেয়ে” হিসেবে পরিচয় দেন। তিনি জানান, দলীয় প্রার্থী না হওয়ায় তাঁর সামনে অনেক সীমাবদ্ধতা থাকলেও এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকারই তাঁর একমাত্র শক্তি। সেই শক্তির ওপর ভর করেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে দৃঢ় প্রতিজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV