নিজস্ব প্রতিনিধি,
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে বিএনপির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দলটি। বিএনপি দুইটি আসন ছাড় দিতে সম্মত হলেও তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ।
রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠকে পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নূর এবং ঝিনাইদহ-২ আসনে রাশেদ খানকে প্রার্থী করার প্রস্তাব দেয় বিএনপি। তবে এই প্রস্তাব নিয়ে সোমবার গণঅধিকার পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ, মনোনয়ন প্রত্যাশী, অঙ্গসংগঠনের প্রতিনিধি ও দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়—মাত্র দুইটি আসনের জন্য বিএনপির সঙ্গে কোনো আসন সমঝোতায় যাবে না দলটি। বরং এককভাবে সারাদেশে নির্বাচন করার পক্ষেই মত দেন দলের বেশিরভাগ নেতা।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, গণঅধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে একটি বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং ভবিষ্যতেও সেই লক্ষ্যেই কাজ করে যাবে।
দলীয় সূত্র জানায়, এর আগে বিএনপির কাছে ঠাকুরগাঁও-২ আসনে ফারুক হাসান, নেত্রকোনা-২ আসনে হাসান আল মামুনসহ অন্তত ১০টি আসন দাবি করেছিল গণঅধিকার পরিষদ। তবে বিএনপির অভ্যন্তরীণ সূত্রের দাবি, চলমান রাজনৈতিক বাস্তবতায় গণঅধিকার পরিষদকে দুইটির বেশি আসন ছাড় দেওয়ার সুযোগ নেই।
এই প্রেক্ষাপটে আসন সমঝোতা ছাড়াই নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত নিল নুরুল হক নূরের দল।
Leave a Reply