নিজস্ব প্রতিনিধি,
রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই খুলনায় আরেকটি চাঞ্চল্যকর গুলির ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর খবরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে।
সোমবার দুপুরে খুলনা বিভাগের এনসিপি প্রধান ও শ্রমিক শক্তি কেন্দ্রীয় সংগঠনের নেতা মোতালেব শিকদারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, দুর্বৃত্তদের ছোড়া গুলি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।
ঘটনার পরপরই এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা এই হামলাকে রাজনৈতিক সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করে অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে। এ ঘটনার পর খুলনা শহরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর এবং সেখান থেকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরপর দুটি গুলির ঘটনা দেশে রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।
Leave a Reply