নিজস্ব প্রতিনিধি,
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাজান কবির (লেলিন)-এর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি জলঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা ওসমান হাদীর হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক (বাবু)। তিনি বলেন, একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে গণতান্ত্রিক ভোট প্রক্রিয়া বিলম্বিত করতে চায়। তবে বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দেবে। তিনি আরও বলেন, দলের প্রাণপ্রিয় নেতা আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এ উপলক্ষে সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।
উপজেলা ছাত্রদলের সভাপতি মনতাজুর রহমান (মিঠু) বলেন, জলঢাকা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের সরলতাকে দুর্বলতা মনে করার কোনো সুযোগ নেই।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শেখ সাদী লাভলু, হারুনা রশিদ, দুলাল হোসেন ও আবু তরাব ইমন।
সমাপনী বক্তব্যে শাহাজান কবির (লেলিন) বলেন, ওসমান হাদীর হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে বিএনপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।








Leave a Reply