1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 6:48 am

নির্বাচন ঘনাতেই রাজধানীতে সহিংসতা: প্রার্থী গুলিবিদ্ধ, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025
  • 115 Time View

নিজস্ব প্রতিনিধি,

জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজধানীসহ বিভিন্ন এলাকায় উত্তেজনাও বাড়তে শুরু করেছে। তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই জনসংযোগ কার্যক্রমে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এরপর একই দিন রাজধানীর বাড্ডা এলাকায় দেওয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাড্ডা থানা পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা যাত্রী সেজে বাসে উঠে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে এতে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার একদিন পর রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত শান্তিনগর, মৌচাক ও মিরপুর এলাকায় মোট চারটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনার মধ্যে মিরপুরে একটি বিস্ফোরণে ফুটপাতে বসা এক দোকানি সামান্য আহত হন।

মিরপুর থানা সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর–১ এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদ থেকে একটি ককটেল ছোড়া হয়। বিস্ফোরণের ফলে মার্কেটের সামনের ফুটপাতে থাকা এক দোকানি আহত হন। পরে রাত সাড়ে দশটার দিকে মিরপুর–১০ নম্বর পুলিশ বক্সের কাছেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে এতে কেউ আহত হননি।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনাটি পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মার্কেটের ছাদ থেকে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।

এদিকে শনিবার রাত সাড়ে আটটার দিকে শান্তিনগরের পশ্চিম সিগন্যাল এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। সেটি সিগন্যালের পাশে থাকা একটি বটগাছের বিজ্ঞাপন বোর্ডে আঘাত লেগে ফেটে যায়। কিছুক্ষণ পর রাত ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাক ক্রসিং এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাগুলো তদন্তে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV