নিজস্ব প্রতিনিধি,
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়—স্কুলের সামনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এবং পাশেই চেয়ারে বসে আছেন কয়েকজন প্রবীণ ব্যক্তি। এই দৃশ্য প্রকাশ পেতেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়ায়।
ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়—
“১৫ বছর সময় লাগবে না, পাঁচ বছরেই দেশকে মালয়েশিয়ার মতো করে দিতে না পারলে আর কোনোদিন ভোট চাইব না।”
বক্তব্যের ভাষা নয়, বরং টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়া নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা দেখা গেছে। অনেকেই এটিকে শিষ্টাচারবহির্ভূত এবং একজন আলেমের ক্ষেত্রে অগ্রহণযোগ্য আচরণ বলে মন্তব্য করেন। এমনকি তার মনোনয়ন বাতিলের দাবিও তুলেছেন অনেকেই।
এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে খবরের শিরোনামে আসেন আমির হামজা। সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে বিশ্বের সুন্দরীদের একজন বলে উল্লেখ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পরে সে মন্তব্যের জন্য ব্যাখ্যা ও দুঃখপ্রকাশ করেন।
নির্বাচনী প্রচারণায়ও তিনি একাধিকবার আলোচনায় এসেছেন। গত ১১ সেপ্টেম্বর কৃষকদের নিয়ে গণসংযোগে অংশ নিয়ে নিজ হাতে ধান কেটে সহানুভূতির বার্তা দেওয়ার চেষ্টা করেন। সেই ভিডিওও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে সাম্প্রতিক টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ঘটনাই এখন সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে—যা জামায়াতের প্রার্থী বাছাই নিয়েও প্রশ্ন তুলেছে অনলাইনে সক্রিয় নাগরিকদের একাংশ।
Leave a Reply