নিজস্ব প্রতিনিধি,
গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগলেও সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলমান থাকলেও পরিস্থিতি জটিল হওয়ায় নতুন করে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলও তাঁর চিকিৎসায় যুক্ত হয়েছে।
এদিকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কিনা—তা জানতে মেডিকেল বোর্ডের পরামর্শ নিয়মিত গ্রহণ করছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, প্রতিনিয়ত তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।
এমন সংকটময় মুহূর্তে দেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও এসেছে গুরুত্বপূর্ণ ঘোষণা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। পাশাপাশি তাঁর চিকিৎসা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এবং মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে ইতোমধ্যে খালেদা জিয়ার পরিবার এবং বিএনপিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
সার্বিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, খালেদা জিয়ার শারীরিক সংকট এখন রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।









Leave a Reply