নিজস্ব প্রতিনিধি,
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) জাতীয় সংসদ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ড. ফয়জুল হককে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বুধবার দুপুরে ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এই ঘোষণা দেন।
এর আগে ড. ফয়জুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছিলেন। শুরুতে জামায়াতের পক্ষ থেকে ওই আসনে ডা. হেমায়েত হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্তে তার প্রচারণা স্থগিত করা হয়। পরে দলীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হকের পক্ষে মাঠে কাজ করার নির্দেশ দেন। অবশেষে বুধবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তার প্রার্থিতা চূড়ান্ত করা হলো।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, সম্প্রতি ড. ফয়জুল হক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার রাতেই ঝালকাঠি-১ আসনে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। এখন থেকে তিনি দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন।
ড. ফয়জুল হক সংবাদ সম্মেলনে বলেন, “একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা থেকেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আশা করি, ঝালকাঠি-১ আসনটি দলের জন্য জয়লাভ করতে পারব।” তিনি আরও বলেন, দলের নীতি ও জনগণের কল্যাণকে সামনে রেখে তিনি নির্বাচনী প্রচারণা পরিচালনা করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আ. হাই, রাজাপুর উপজেলা আমির কবির হোসাইন, ঝালকাঠি পৌর আমির মাওলানা মনিরুজ্জামান, সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি এনামুল হক।
Leave a Reply