তিস্তা টিভি ডেস্ক
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় আটটি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (২০ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রকাশিত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চলমান বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমে যেতে পারে। ফলে গত কয়েক দিনের তুলনায় আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরতে পারে।
Leave a Reply