তিস্তা টিভি ডেস্ক
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ অনেক এলাকায় সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই বৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং কর্মজীবী নাগরিকদের দুর্ভোগ বেড়েছে। অন্যদিকে, কয়েকটি জেলায় অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।
তবে আপাতত বৃষ্টির এই প্রবণতা কমার কোনো ইঙ্গিত দিচ্ছে না আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সোমবারও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিচ্ছিন্ন কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সম্ভাব্য বৃষ্টিপ্রবণ এলাকাগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে পুনরায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অনুসরণের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply