1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 1, 2026, 3:21 pm

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর কথা বললেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 20 Time View

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েই নজর কাড়ছে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। এবার শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের জোরালো বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লিওনেল মেসির শক্তিশালী দলকে ১-০ গোলে হারানোর সামর্থ্য রয়েছে কেপ ভার্দের। তার ভাষায়, সঠিক পরিকল্পনা ও জয়ের মানসিকতা থাকলে যেকোনো দলকেই চমকে দেওয়া সম্ভব।

বিশ্বকাপে অভিষেক আসরেই দারুণ ছন্দে আছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করার পাশাপাশি সৌদি আরবের সঙ্গেও পয়েন্ট ভাগ করে নেয় তারা। অন্যদিকে উরুগুয়ের হারের কারণে শেষ পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত হয় আফ্রিকান এই দলের।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে টানা তিন জয় নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় তারা। দলের অধিনায়ক লিওনেল মেসি এখন পর্যন্ত আট গোলের মধ্যে ছয়টি নিজেই করেছেন, যা আর্জেন্টিনার আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে।

কাগজে-কলমে শক্তির বিচারে আর্জেন্টিনাই স্পষ্টভাবে এগিয়ে থাকলেও কেপ ভার্দের প্রেসিডেন্ট মনে করছেন, মাঠের লড়াইয়ে যেকোনো কিছুই সম্ভব। তিনি বলেন, তাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে জয়। বড় দল বলে কাউকে ভয় পাওয়ার কিছু নেই।

নেভেস আরও বলেন, ছোট দেশ হয়েও কেপ ভার্দে বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিতে পেরেছে, যা তাদের জন্য বড় অর্জন। তার বিশ্বাস, দলটি চাপমুক্ত ও আত্মবিশ্বাসী ফুটবল খেললে বড় ধরনের চমক দেখাতে সক্ষম।

প্রেসিডেন্টের মতে, আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলাটাই কেপ ভার্দের জন্য একটি সুযোগ—নিজেদের সামর্থ্য বিশ্বকে দেখানোর। তিনি বলেন, তারা শুধু অংশ নিতে আসেনি, এসেছে ইতিহাস লিখতে।

এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কেপ ভার্দে–আর্জেন্টিনা ম্যাচের দিকে, যেখানে বড় ব্যবধানের পূর্বাভাস থাকলেও অঘটনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV