তিস্তা টিভি ডেস্ক
দেশের ছয়টি জেলায় দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
শনিবার (২৭ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সর্বশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুপুর ১টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানানো হয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ঝড়ো আবহাওয়ার কারণে উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও স্থানীয় আবহাওয়ার পরিবর্তনের কারণে এই অস্থায়ী ঝড়ো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা দুপুরের আগ পর্যন্ত স্থায়ী থাকতে পারে।
Leave a Reply