তিস্তা নিউজ ডেস্ক
সরকারের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে এখন থেকেই “নতুন সংগ্রাম” শুরু করতে হবে।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। “সবার আগে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে আরেকটি যুদ্ধ। সেই যুদ্ধ হলো জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন।” তিনি আরও বলেন, “দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা প্রতিটি অঙ্গীকার পূরণে সবাইকে নতুনভাবে কাজ করতে হবে।”
তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ বিএনপির নির্বাচনি ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সেই ইশতেহার এখন শুধু দলের নয়, বরং দেশের মানুষের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।
তারেক রহমান বলেন, “নির্বাচনের আগে এটি ছিল বিএনপির ম্যানিফেস্টো। কিন্তু সরকার গঠনের পর এটি জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। কারণ দেশের ৫২ শতাংশ ভোটার এই ইশতেহারের পক্ষেই রায় দিয়েছেন।”
তিনি আরও বলেন, সরকার জনগণকে সুশাসন, নিরাপদ সমাজ ও উন্নত শিক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে। এমন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার, যেখানে নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে এবং মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাবে।
সভায় তিনি অতীতের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, “স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা একটি গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশের কথা বলেছিলাম। এখন সেই লক্ষ্য বাস্তবায়নের সময় এসেছে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সভাপতিত্ব করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই ছিল প্রথম মতবিনিময় সভা।
Leave a Reply