তিস্তা নিউজ ডেস্ক
এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে অনিয়মের অভিযোগে ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যা প্রথম দিনের তুলনায় তিনগুণেরও বেশি। একই সঙ্গে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে প্রায় ২৭ হাজারে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে ১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে ৬ জনকে। এর মধ্যে কুমিল্লা ও যশোর বোর্ডে দুজন করে এবং চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জনের, তবে উপস্থিত ছিল ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। ফলে অনুপস্থিত ছিল ১২ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের আরবি প্রথমপত্র পরীক্ষায়ও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ৭৪১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জন, যার মধ্যে অংশ নেয় ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ১৫০ জন। এ বোর্ডে অনিয়মের দায়ে ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ৬৫৩টি কেন্দ্রে মোট ১ লাখ ২০ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩৯৯ জন। প্রথম দিনে কোনো বহিষ্কারের ঘটনা না থাকলেও দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।
সব মিলিয়ে দ্বিতীয় দিনে অনুপস্থিত ও বহিষ্কারের সংখ্যা বেড়ে যাওয়ায় পরীক্ষা ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
Leave a Reply