1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 22, 2026, 3:28 pm

পুরনো ডিলার বাতিলে দ্রুত পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, April 22, 2026
  • 20 Time View

তিস্তা নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত ডিলারদের বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নেবে এবং প্রয়োজন হলে তাদের নিয়োগ বাতিল করে নতুনভাবে ডিলার নিয়োগ দেওয়া হবে। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংসদে চিফ হুইপ যে বিষয়টি তুলে ধরেছেন, তা তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং সংসদের অধিকাংশ সদস্য বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। যদি পুরো সংসদের সম্মতি থাকে, তাহলে সরকার এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি জানান।

এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে অভিযোগ করেন যে, বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা কিছু ডিলার সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তিনি আরও বলেন, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার পায় এবং অনিয়ম-দুর্নীতি বন্ধ হয়, সেজন্য পুরনো ও বিতর্কিত ডিলারদের নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া প্রয়োজন।

চিফ হুইপের এই বক্তব্যের সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান, যা সংসদে একটি ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অনুমতি নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদের এই মতামত ও সম্মতি বিবেচনায় নিয়ে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV