1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 1, 2026, 5:52 pm

জুলাই স্মৃতি জাদুঘর খুলতে ৫ আগস্ট পর্যন্ত সময়, হুঁশিয়ারি নাহিদের

Reporter Name
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 18 Time View

তিস্তা টিভি ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর আগামী ৫ আগস্টের মধ্যে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য স্মৃতি সংরক্ষণ, বিচারপ্রক্রিয়া এবং রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ একসঙ্গে এগিয়ে নিতে হবে।

তিনি অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। এসব মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার পাশাপাশি পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের বিচার দৃশ্যমান হওয়া জরুরি। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে প্রতিফলিত জনমতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।

হাসানুল হক ইনুর প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের গুরুত্ব বিবেচনায় কঠোর শাস্তি হওয়া উচিত। তিনি এ বিষয়ে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে আরও কঠোর দণ্ডের প্রত্যাশার কথাও জানান।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ঘনিয়ে এলেও সরকার এখনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেনি উল্লেখ করে নাহিদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কর্মসূচি ঘোষণা এবং শহীদদের স্মরণে রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV