মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার
টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪৯৫ পিস নিষিদ্ধ নেশাজাতীয় বুপ্রেনোরফাইন (Buprenorphine) ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
র্যাব সূত্র জানায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। যমুনা সেতু পূর্ব থানাধীন গোলচত্বর এলাকার সিরাজগঞ্জ–ঢাকাগামী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
অভিযানে অরুপা পরিবহন নামের বাস থেকে দিনাজপুর জেলার বাসিন্দা মো. মমিনুল ইসলাম (৫৫)-কে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করেন।
পরবর্তীতে তার ব্যবহৃত হ্যান্ডব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪৯৫ পিস বুপ্রেনোরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫৩০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সামাজিক ব্যাধি রুখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply