1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 6, 2026, 3:32 pm

পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে বাংলাদেশ মিশনে চিঠি, খালেদা জিয়াকে শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : Saturday, June 6, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে গৃহীত বিধানসভা অধিবেশনের কার্যবিবরণী আনুষ্ঠানিকভাবে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা কর্তৃপক্ষ। বিষয়টি দুই বাংলার কূটনৈতিক ও মানবিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকেও শোক প্রকাশ করা হয়।

এর ধারাবাহিকতায় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনের শুরুতে তার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। ওই অধিবেশনে খালেদা জিয়ার পাশাপাশি রাজ্যের প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক মন্ত্রী, বর্তমান ও সাবেক বিধায়কদের স্মৃতিতেও শোক জানানো হয়। অধিবেশনের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দিনের কার্যক্রম শোকজ্ঞাপনের পর মুলতবি ঘোষণা করা হয়।

পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের মাধ্যমে বিধানসভার কার্যক্রম পুনরায় শুরু হয়।

এবার সেই শোকপ্রস্তাব ও শোকজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত কার্যবিবরণী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে। ২ জুন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ বসু কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারকে চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী ৩ ফেব্রুয়ারির বিধানসভা অধিবেশনে গৃহীত শোকবার্তার অংশ বিশেষ বাংলাদেশ মিশনে প্রেরণ করা হলো। একই সঙ্গে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের কাছেও এই শোকবার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আনুষ্ঠানিক পদক্ষেপ শুধু প্রটোকলগত চিঠি নয়; বরং এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কের একটি প্রতীকী প্রকাশ। দুই বাংলার রাজনৈতিক অঙ্গনের পারস্পরিক শ্রদ্ধাবোধের দৃষ্টান্ত হিসেবেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বিশেষজ্ঞরা আরও মনে করেন, আঞ্চলিক কূটনীতিতে এমন মানবিক ও শোকসংশ্লিষ্ট যোগাযোগ দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলতে সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV