তিস্তা টিভি প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্যচুক্তিকে ‘অসম, অস্বচ্ছ ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস স্থাপনের উদ্যোগও বাতিলের আহ্বান জানিয়েছে দলটি। এসব দাবিতে আগামী ১৫ মে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে তারা।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
সংবাদ সম্মেলনে জমিয়তের নেতারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে বাধ্য করা হয়েছে, বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ছয়টি শর্ত। তাদের ভাষ্য, এটি কোনো সমতার ভিত্তিতে হওয়া চুক্তি নয়; বরং বাংলাদেশের অর্থনৈতিক ও নীতিগত স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। দলটির দাবি, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে গোপনে এই চুক্তি স্বাক্ষর হওয়ায় জনমনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
জমিয়তের নেতারা আরও বলেন, চুক্তির আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, কৃষিপণ্য এবং সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়েছে, যা দেশের স্থানীয় শিল্প, কৃষি ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি চুক্তির কিছু শর্ত দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকেও দুর্বল করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, চুক্তির পরিশিষ্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শুকরজাত খাদ্যপণ্য বাংলাদেশে আমদানির সুযোগ রাখা হয়েছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধ, খাদ্যসংস্কৃতি ও সামাজিক অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে সরকারকে দ্রুত অবস্থান পরিষ্কার করার আহ্বান জানায় জমিয়ত।
এদিকে, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার উদ্যোগ নিয়েও আপত্তি জানায় দলটি। জমিয়তের নেতাদের দাবি, এ ধরনের অফিস দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে। তারা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্ন তুলে এই চুক্তিও বাতিলের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করা হয়। দলটির নেতারা বলেন, জুলাই সনদ ও সংবিধান—দুটিই রাষ্ট্র পরিচালনার জন্য সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ এবং ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের দাবিও জানান তারা।
পাশাপাশি পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির দাবি, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসায় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আগামী শুক্রবার (১৫ মে) বাদ জুমা সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে। দলটির নেতারা জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিল এবং পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদেই এ কর্মসূচি পালন করা হবে।
Leave a Reply