তিস্তা নিউজ ডেস্ক
ঢাকার সড়ক ও ফুটপাত ব্যবহারে শৃঙ্খলা ফেরাতে সরকার ফুটপাতের ব্যবসায়ীদের তালিকা করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ গড়ে তোলার পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজধানীতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো ধরনের ব্যবসা পরিচালনায় সিটি করপোরেশনের অনুমতি বাধ্যতামূলক হবে, এমনকি ফুটপাতে ব্যবসা করতে হলেও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এতে একদিকে যেমন শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে অবৈধ দখলও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, ঢামেকের সামনের ফুটপাত ইতোমধ্যে দখলমুক্ত করা হয়েছে, তবে এই অর্জন ধরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। অল্প জায়গায় বেশি দোকান বসানো যেন না হয়, সেজন্য হকাররা কোথায় বসতে পারবেন তার একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হবে। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপের মাধ্যমে ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কাজ শুরু হবে।
তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজপথে কোনো কিছু না ফেলার শপথ নিতে হবে, তাহলেই ঢাকা শহর পরিষ্কার রাখা সম্ভব হবে। একই সঙ্গে তিনি বলেন, ঢাকা শুধু একটি শহর নয়, এটি রাষ্ট্রের মুখমণ্ডল—তাই একে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। আসন্ন চিকুনগুনিয়া ও ডেঙ্গু মৌসুমের আগেই নিজের আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখারও আহ্বান জানান তিনি, যাতে স্বাস্থ্যঝুঁকি কমানো যায় এবং একটি স্বাস্থ্যকর নগর গড়ে ওঠে।
Leave a Reply