মোঃ মোনাব্বেরুল হক, নীলফামারী প্রতিনিধি
নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি জলঢাকায় রাস্তাঘাট ও হাসপাতাল প্রাঙ্গণে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে এ কর্মসূচির সূচনা করা হয়।
উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন, মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসে ব্যক্তি জীবন, পরিবার ও সমাজ—সব পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ঘরবাড়ি পরিষ্কার রাখলেই হবে না; আমাদের আশপাশের পরিবেশ, রাস্তাঘাট, হাসপাতাল ও সরকারি প্রতিষ্ঠানসমূহ পরিচ্ছন্ন রাখা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব।
তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অংশ—এই শিক্ষাকে ধারণ করেই আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করতে হবে। একটি সুস্থ জাতি গঠনে পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই।”
কর্মসূচির অংশ হিসেবে জলঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ঝাড়ু দেওয়া, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি জলঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন জলঢাকা গড়ে তুলতে হলে সম্মিলিত উদ্যোগ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, এই মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মাঝে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং জলঢাকা উপজেলা একটি আদর্শ পরিচ্ছন্ন জনপদ হিসেবে গড়ে উঠবে।
Leave a Reply