নিজস্ব প্রতিনিধি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং দেশে জরুরি সেবায় নিয়োজিত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। এই অ্যাপে নিবন্ধনে ব্যাপক সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার প্রায় ১৩ লাখ এবং দেশের অভ্যন্তর থেকে আবেদন জমা পড়েছে প্রায় ৬ লাখ। আগামী সোমবার (৫ জানুয়ারি) এ নিবন্ধন কার্যক্রমের সময়সীমা শেষ হচ্ছে।
পোস্টাল ভোট বিডি অ্যাপের তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা পর্যন্ত প্রবাস থেকে মোট ১৩ লাখ ৭ হাজার ২৭৬ জন ভোটার আবেদন করেছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ২২ হাজার ৪০৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮৭১ জন। অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ পর্যায়ে মোট ৫ লাখ ৮৪ হাজার ৫০৮টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের মধ্যে সরকারি চাকরিজীবী রয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৪ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ১ লাখ ৫ হাজার ৯৯৬ জন, আনসার ও ভিডিপি সদস্য ৮ হাজার ৭৪১ জন এবং কারাবন্দি ৫ হাজার ৩২৭ জন।
এবারই প্রথম আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতরা ঘরে বসেই নিবন্ধন করে ভোট দিতে পারবেন। নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে এবং ভোট দেওয়ার পর তা নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ইসি ৫০ লাখ প্রবাসীর ভোট টানার লক্ষ্য নিয়ে এই কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা এ নিবন্ধনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।









Leave a Reply