নিজস্ব প্রতিনিধি,
নরসিংদীর দুটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা যাচাই-বাছাইয়ে বিএনপি প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) নির্ধারিত দিনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নরসিংদী-১ (সদর) ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে যাচাই-বাছাই কার্যক্রম শেষে যাদের মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়েছে তারা হলেন— নরসিংদী-১ আসনে বাংলাদেশ গণঅধিকার পরিষদের শিরিন আক্তার শেলী এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন। নরসিংদী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, নির্বাচন কমিশনের কার্যবিধি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। আবেদনপত্রের প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় দুই আসনের পাঁচজন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। তবে তারা বিধি অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন। বাকি প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২৯ ডিসেম্বর পর্যন্ত নরসিংদী সদর আসনে ৮ জন এবং রায়পুরা আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
Leave a Reply