নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় নীলফামারীর জলঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম রিয়াদ এবং পরিচালনায় ছিলেন পৌর যুবদল সদস্য আবু তোরাব ঈমন। দোয়া ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সরব হয়ে ওঠে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের সদস্য রিপন ইসলাম, স্বেচ্ছাসেবক নেতা আনোয়ারুল ইসলাম এবং ছাত্রনেতা মোন্নাফ হোসেনসহ আরও অনেকে। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর সুস্থতা কামনায় এ ধরনের আয়োজন শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, মানবিক দাবিও।এ সময় বক্তারা বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “গণতন্ত্রের মা খালেদা জিয়া দেশের অবহেলিত মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা তাঁর সুস্থতা কামনা করি—মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করে দেশের মানুষের সেবায় ফেরত আসার তাওফিক দেন।”পরিশেষে খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply