1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 3, 2026, 1:11 pm

নাহিদ ইসলামের হুঁশিয়ারি: ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ

Reporter Name
  • Update Time : Sunday, February 8, 2026
  • 117 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, তাহলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে। আমরা যেভাবে ৫ আগস্ট সফল করেছি, সেভাবেই ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনের ভোটারদের উদ্দেশ্যে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় নাহিদ ইসলাম নির্বাচনে অংশগ্রহণ ও ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

জনসভায় বক্তব্যে তিনি ঢাকা-১১ আসনের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নাগরিক সংকটের চিত্র তুলে ধরেন। নাহিদ ইসলাম বলেন, এই এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও হাসপাতালের অভাব রয়েছে। সরকারি হাসপাতাল তো নেইই, এমনকি একটি সরকারি হাই স্কুলও নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র ১৫টি। ফলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি বেসরকারি খাতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এলাকার প্রায় ৬০ শতাংশ রাস্তা পানিতে তলিয়ে যায়। মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আওতায় রয়েছে। বাকি ৭০ শতাংশ এলাকা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা ও দখল হওয়া খালের কারণে জলাবদ্ধতার শিকার হয়। রামপুরা খাল ও শাহজাদপুর খালসহ একাধিক জলাশয় দখল ও ভরাট করে ফেলার ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার পেছনে প্রধান বাধা হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী ভূমিদস্যুরা। শত শত মানুষের ব্যক্তিগত ও খাস জমি এবং সাধারণ জলাশয় দখল করে নেওয়া হয়েছে। এতে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই এলাকার অর্থনৈতিক বৈষম্য দূর করা হবে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। যাদের জমি দখল হয়েছে, তাদের জমি ফিরিয়ে দেওয়া হবে, না হলে ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা-১১ থেকে চিরতরে নির্মূল করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, শুধু ঢাকা-১১ নয়, সারা বাংলাদেশেই ১১ দলীয় ঐক্যজোট বিজয়ী হবে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশকে দখলদার, আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ সমাজ ভোটকেন্দ্র পাহারা দিতে প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি বিজয়ের মাধ্যমেই এই সংগ্রামের পরবর্তী ধাপ সফল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV