তিস্তা নিউজ ডেস্ক;
ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, সঠিক পরিকল্পনা থাকলে নগরবাসীসহ দেশের সব মানুষের সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় নগরবাসী, ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ডা. জুবাইদা রহমান বলেন, “ভেদাভেদের রাজনীতির আগে আমরা সমতার রাজনীতি করতে চাই। সবার জন্য সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।” নগরবাসী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সবারই সমস্যা রয়েছে। “আপনাদের সমস্যা অনেক, আমাদের সবারই সমস্যা আছে। কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব,”—বলেন তিনি।
বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, “বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময়।” তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।”
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে শ্রমের মর্যাদা, মেধার যথাযথ মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং ন্যায়ভিত্তিক অধিকার নিশ্চিত করা হবে। “শোষণের আগে অধিকার—এই নীতিতেই আমরা বিশ্বাস করি,”—বলেন তিনি।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে নেতার আগে জনতা। “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে,”—বলেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আজ আপনারা প্রমাণ করেছেন যে আপনারা সবাই একসঙ্গে আছেন। আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন।” তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি জনগণের কথা আরও শুনবে, আরও জানবে এবং সেই অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
ডা. জুবাইদা রহমান বলেন, জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। “সেই লক্ষ্যেই বিএনপি নিরলসভাবে কাজ করছে,”—বলেন তিনি।
মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামসহ দলের অন্যান্য নেতারা।
সভা শেষে উপস্থিত ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
Leave a Reply