জেলা প্রতিনিধি,
জশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি খড়খড়ি এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের স্ত্রী। ঘটনার পরপরই স্থানীয় লোকজন নিহত নারীর ছেলে মো. সুমনকে আটক করে। পরে পুলিশ এসে তাঁকে হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মো. সুমন দীর্ঘদিন ধরে বখাটে স্বভাবের ও মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনকে কেন্দ্র করে প্রায়ই তাঁর পরিবারের সঙ্গে ঝগড়া-বিবাদ হতো। ঘটনার দিন রাতেও সুমন মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
একপর্যায়ে সুমন ঘরের ভেতর থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে মায়ের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সোহাগী খাতুন। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর সুমন মায়ের লাশ রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমনকে হেফাজতে নেয় এবং নিহত নারীর লাশ উদ্ধার করে।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে অভিযুক্ত ছেলে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply