নিজস্ব প্রতিনিধি,
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন ভূমিকম্পে জনমনে বাড়ছে উদ্বেগ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে রাজধানী ঢাকায় আবারও ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
সিসমোলজিক্যাল সূত্র জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গি থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর–উত্তর-পূর্বে, এবং নরসিংদী জেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠের প্রায় ৩০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানায়, তাদের পর্যবেক্ষণে ভূমিকম্পটির গভীরতা ছিল ২৭ কিলোমিটার, আর উৎপত্তিস্থল টঙ্গি থেকে আনুমানিক ২০ কিলোমিটার পূর্বে।
এর আগে ১ ডিসেম্বর কক্সবাজারের উখিয়া ও চকরিয়া এলাকায় এবং ২ ডিসেম্বর বঙ্গোপসাগরে ৪ দশমিক ২ মাত্রার দুটি আলাদা ভূমিকম্প রেকর্ড করা হয়। ফলে একের পর এক এই কম্পন সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন হালকা মাত্রার কম্পন বড় কোনও ভূমিকম্পের পূর্বাভাস নয়; তবে ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে সতর্ক থাকা জরুরি।
Leave a Reply