1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 21, 2026, 12:18 pm

নীলফামারীকে মাদক নিয়ন্ত্রণে ‘মডেল জেলা’ গড়ার উদ্যোগ নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025
  • 65 Time View

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীকে দেশের মধ্যে মাদক নিয়ন্ত্রণে একটি “মডেল জেলা” হিসেবে রূপান্তরিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম পিপিএম। তিনি বলেন, মাদক নির্মূল করা কঠিন হলেও মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সেই লক্ষ্যেই নীলফামারীতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে জেলার একটি গ্রামকে পরীক্ষামূলকভাবে ‘মডেল গ্রাম’ হিসেবে চিহ্নিত করে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

রবিবার বিকেল (৩০ নভেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ পরিকল্পনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন তিনি। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।

সভায় পুলিশ সুপার বলেন,

“সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করতে আমি বদ্ধপরিকর। দায়িত্বপালনে পেশাগত সততা, জনগণের আস্থা এবং আইনের শাসন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নীলফামারী জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত থাকবে। নির্বাচন যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়—এ লক্ষ্যে পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনী পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ছাড়া অবৈধ কর্মকাণ্ড দমন করা সম্ভব নয়। তাই জনপ্রতিনিধি, গণমাধ্যম, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

“জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদক নিয়ন্ত্রণের কাজটি জনগণকে সঙ্গে নিয়েই করতে চাই। সবাই সহযোগিতা করলে নীলফামারীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং মাদকমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব,” যোগ করেন এসপি।

মাদক নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন,

“মাদক নির্মূল করা কঠিন। কারণ এটি একটি দীর্ঘমেয়াদি সামাজিক সমস্যা। তবে আমরা নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিচ্ছি। একটি গ্রামকে মডেল হিসেবে নিয়ে পুরো জেলার জন্য একটি কার্যকর উদাহরণ তৈরি করা হবে।”

উল্লেখ্য, শনিবার তিনি নীলফামারী জেলা পুলিশের এসপি হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ পুলিশি অভিজ্ঞতা, বিশেষ করে অপরাধ দমন ও কমিউনিটি পুলিশিংয়ে তার সাফল্যের কারণে নীলফামারীর আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে তিনি আশাবাদী বলে জানিয়েছেন।

সভা শেষে পুলিশ সুপার স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV