নিজস্ব প্রতিবেদক, জলঢাকা (নীলফামারী):
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের পূর্ব গোলমুণ্ডা গ্রামে স্থানীয় বেশ কিছু পরিবারের চলাচলের একমাত্র রাস্তা জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আনছারুল হক বাদী হয়ে জলঢাকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব গোলমুণ্ডা গ্রামের ওই রাস্তাটি দিয়ে দীর্ঘদিন ধরে প্রায় ৪০-৫০টি পরিবারের লোকজন নিয়মিত যাতায়াত করে আসছেন। গত ২ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ১নং বিবাদীর হুকুমে ২নং বিবাদ ব্যক্তিসহ অন্যান্যরা কোনো কারণ ছাড়াই রাস্তাটিতে বাঁশের বেড়া দিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেন।
রাস্তাটি বন্ধ থাকায় ওই এলাকার নারী, শিশু শিক্ষার্থী ও বৃদ্ধসহ সাধারণ বাসিন্দারা চরম যাতায়াত সংকটে পড়েছেন। রাস্তা বন্ধের প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা ভুক্তভোগী আনছারুল হকসহ তাঁর পরিবারের লোকজনকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এমনকি এ নিয়ে বাড়াবাড়ি করলে রাস্তাঘাটে পেলে খুন-জখম করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এলাকার লোকজনের মধ্যে চরম আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ বেড়া অপসারণ করে চলাচলের রাস্তা উন্মুক্ত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply