নিজস্ব প্রতিবেদক, জলঢাকা (নীলফামারী):
নীলফামারীর জলঢাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোস্তাফিজুর রহমান (২৩) নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার পূর্ব বালাগ্রাম ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান পূর্ব বালাগ্রাম এলাকার মো. হালিমুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী ভূমি ও স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply