মোঃ এমদাদুল হক, নীলফামারী
নীলফামারীর জলঢাকায় ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে জলঢাকার ট্রাফিক মোড়স্থ আবু সাঈদ চত্বরে বাংলাদেশ ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ জলঢাকা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সংসদের নেতা এবং ১৮ সালের বৃহত্তর রংপুর বিভাগের সাবেক সমন্বয়ক হানিফ খান সজীব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন বাবু। বিশেষ বক্তা ছিলেন গণঅধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সদস্য আহ্বায়ক কমিটির সদস্য মো. ময়নুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হানিফ খান সজীব বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ তাদের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি আন্দোলনে অংশ নেওয়া এবং আত্মত্যাগকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধান বক্তা সোহাগ হোসেন বাবু বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম শিক্ষা হলো মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র নিশ্চিত করা। তিনি বলেন, ভবিষ্যতে কোনো ধরনের অন্যায়, বৈষম্য ও অধিকার হরণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশের গণতান্ত্রিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ বক্তা জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক ও সামাজিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
আমন্ত্রিত অতিথি মো. ময়নুল ইসলাম বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গণঅভ্যুত্থানের আত্মত্যাগকে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা শাখার সদস্য সচিব মো. আলমগীর হোসেন, গণঅধিকার পরিষদ নীলফামারী জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান লোহানী, ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলার সভাপতি এ.কে. উদ্দিন, গণঅধিকার পরিষদ নীলফামারী জেলার সাধারণ সম্পাদক মো. রফিক হোসাইন এবং জলঢাকা পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান মিঠু এবং সঞ্চালনা করেন সংগঠনটির জলঢাকা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সাকিব ইসলাম সালাফি।
আলোচনা সভা শেষে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, ছাত্র ও যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply