নিজস্ব প্রতিবেদক,
আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের একটি নির্ভুল, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকৃত কৃষকের অধিকার নিশ্চিত করতে তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় তিনি বলেন, ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা গ্রহণ এবং কৃষিপণ্য বিপণন-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে। সঠিক ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতেই কৃষক কার্ড প্রস্তুতের নির্দেশ দেন তিনি।
সভায় জানানো হয়, কৃষকদের জন্য ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কৃষক কার্ড বিতরণ করা হবে।
সরকার জানিয়েছে, কৃষি খাতে ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কৃষক কার্ড চালু করা হচ্ছে।
চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আর আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় দুই কোটি কৃষককে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
Leave a Reply