1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 12, 2026, 2:48 pm

মাঝ নদী থেকে ফিরল ফেরি এমপি হান্নান মাসউদকে নিতে

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 15 Time View

জেলা প্রতিনিধি (নোয়াখালী) 

নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝ নদী থেকে ফিরিয়ে আনার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। সাধারণ যাত্রীদের অভিযোগ, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ফেরিতে তোলার জন্যই ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়।

বৈরী আবহাওয়া ও উত্তাল নদীর মধ্যে চলন্ত ফেরি হঠাৎ দিক পরিবর্তন করে ফিরে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়। শনিবার (১১ জুলাই) বিকেলে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ঘাট সংশ্লিষ্টদের তথ্যমতে, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টার দিকে ‘মহানন্দা’ ফেরি চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ফেরিটিতে শতাধিক যাত্রী এবং কয়েকটি যানবাহন ছিল।

নদী উত্তাল থাকায় সতর্কতার সঙ্গে চলার সময় প্রায় ২৩ মিনিট পর হঠাৎ ফেরিটি ঘুরে আবার চেয়ারম্যান ঘাটের দিকে আসতে শুরু করে। মাঝ নদীতে ফেরির এমন পরিবর্তনে অনেক যাত্রী বিষয়টি বুঝতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন।

ফেরিটি ঘাটে পৌঁছানোর পর দেখা যায়, সেখানে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ তার সফরসঙ্গী ও নেতাকর্মীদের নিয়ে অপেক্ষা করছেন। পরে তিনি ও তার সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠলে ফেরিটি আবার নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেরি ‘মহানন্দা’র মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, এমপিকে নেওয়ার জন্য ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়েছিল। তিনি বলেন, ভিআইপিদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়।

ফেরির মাস্টার নুরুল আমীন জানান, ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ারের কাছ থেকে তিনি বিষয়টি জানতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ফেরিটি পুনরায় ঘাটে ফিরিয়ে আনা হয়।

এদিকে ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, প্রথমে ফেরি না ছাড়ার কথা জানানো হলেও পরে নির্ধারিত সময়েই যাত্রা শুরু করা হয়। তবে কিছুক্ষণ পর জানতে পারেন, এমপিকে নেওয়ার জন্য ফেরিটি আবার ঘাটে ফিরছে।

ফেরির যাত্রীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে আনা ঝুঁকিপূর্ণ। একজন ব্যক্তির জন্য শতাধিক সাধারণ যাত্রীর ভোগান্তি তৈরি করা উচিত নয় বলেও তারা অভিযোগ করেন।

তাদের দাবি, নৌপথে যাত্রী নিরাপত্তা ও নিয়ম-শৃঙ্খলার বিষয়টি সবার জন্য সমান হওয়া প্রয়োজন।

এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV