কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ফুটবল ম্যাচ দেখা ও সমর্থন নিয়ে বিরোধের জেরে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ চলাকালে কথাকাটাকাটির একপর্যায়ে কয়েকজনের হামলায় ওই যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৮ জুলাই) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোডসংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. শরিফুল ইসলাম (৩২)। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মো. মতিউর রহমানের ছেলে। জীবিকার কারণে তিনি কুমিল্লায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজন ফুটবলপ্রেমী আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখছিলেন। খেলার একপর্যায়ে আর্জেন্টিনা গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া যায়। মারধরের একপর্যায়ে শরিফুল গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস অনেক সময় আনন্দের উপলক্ষ তৈরি করলেও, এমন সহিংস ঘটনা ক্রীড়া সমর্থনের নামে অসহিষ্ণুতার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।
Leave a Reply