মো: মোনাব্বেরুল হক, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারি রাস্তা নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
উপজেলার ৪ নম্বর গোলনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চলমান একটি রাস্তা নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ইউপি সদস্য আমজাদ হোসেন লেবুর তত্ত্বাবধানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে দায়সারাভাবে কাজ করা হচ্ছে। এতে সরকারি অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না এবং নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা নির্মাণে ভালো মানের ইটের পরিবর্তে ভাঙা ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রকৌশলগত নিয়ম অনুসারে রাস্তার ভিত্তি (বেজ) শক্ত না করেই ওপরের অংশে ইটের টুকরো ছড়িয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে শুরু থেকেই শঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ও তদারকির ঘাটতি রয়েছে। স্থানীয়দের ভাষ্য, কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে, ফলে সরকারি অর্থ ব্যয়ের সুফল জনগণ পাবে না।
এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন লেবু প্রকল্পের কাজ সরাসরি নিয়ন্ত্রণ করছেন এবং ক্ষমতার অপব্যবহার করে নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করছেন।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, নির্মাণকাজের মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে না।
তবে এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আমজাদ হোসেন লেবুর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
Leave a Reply