তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন শুরু হবে চলতি অর্থবছরেই: রোকন উদ্দিন
Reporter Name
Update Time :
Wednesday, July 1, 2026
19 Time View
তিস্তা টিভি ডেস্ক
কোনো দেশের সহায়তা না মিললেও চলতি অর্থবছরের বাজেটেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
বুধবার (১ জুলাই) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে এই প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ কমবে এবং পুরো উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাঁর ভাষায়, “তিস্তা আর অভিশাপ থাকবে না, এটি হয়ে উঠবে আশীর্বাদের নদী।”
সংসদ সদস্য আরও জানান, সরকারের উচ্চপর্যায়ে তিস্তা প্রকল্প নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদেশ সফরেও বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং দেশে ফিরে তিনি প্রকল্প বাস্তবায়নে দ্রুত অগ্রগতির নির্দেশ দিয়েছেন।
তিনি দাবি করেন, তিস্তা রক্ষায় অতীতেও আন্দোলন হয়েছে এবং বর্তমান সরকার সেই দাবিকে বাস্তবে রূপ দিতে কাজ করছে। ইতোমধ্যে বিশেষজ্ঞ দল তিস্তা এলাকা পরিদর্শন করেছে এবং শিগগিরই দৃশ্যমান কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।
একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, প্রকল্পকে ঘিরে বিভিন্ন সময়ে নানা ধরনের কর্মসূচি হলেও বাস্তব উন্নয়নের কাজ করছে বর্তমান সরকারই।
এদিন বন্যাদুর্গত আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাসের মো. রাজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহানুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
Leave a Reply