1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 1, 2026, 3:21 pm

পুলিশের ইউনিফর্মে ফিরছে গাঢ় নীল-জলপাই ও খাকি প্যান্ট

Reporter Name
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 21 Time View

তিস্তা টিভি ডেস্ক

পুলিশ বাহিনীর পোশাকে আবারও বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। দীর্ঘ সময় ধরে চলা ইউনিফর্ম পরিবর্তন ও বিতর্কের পর এবার নতুন রূপে মাঠে নামল আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় নতুন ইউনিফর্মে পুলিশ সদস্যদের দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে আইজিপি গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ডিএমপি কমিশনারকে হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে দায়িত্ব পালন করতে দেখা যায়। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নতুন ইউনিফর্ম ধাপে ধাপে সব সদস্যের কাছে পৌঁছে দেওয়া হবে। যারা ইতোমধ্যে পোশাক পেয়েছেন, তারা নতুন ডিজাইনেই দায়িত্ব পালন শুরু করেছেন।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে সব পুলিশ সদস্য নতুন পোশাক পাবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে পুলিশের পোশাক হিসেবে লোহা-ধূসর শার্ট এবং কফি-বাদামি ধূসর প্যান্ট নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের নভেম্বরে নতুন পোশাকে মাঠে নামে পুলিশ।

তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক সদস্যই পোশাকের রঙ ও নকশা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও পোশাক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে ইউনিফর্মের রঙ ও নকশায় পরিবর্তন আনে।

নতুন নীতিমালা অনুযায়ী, শার্টের রঙ গাঢ় নীল এবং প্যান্ট খাকি নির্ধারণ করা হয়েছে। শার্টে চারটি পকেট এবং সামনের অংশে নির্দিষ্ট দূরত্বে বোতাম থাকবে। বিভিন্ন ইউনিটের জন্য কাপড় ও ডিজাইনে কিছু ভিন্নতা রাখা হয়েছে।

নারী পুলিশের ক্ষেত্রেও পোশাকে পরিবর্তন আনা হয়েছে। তারা চাইলে গাঢ় নীল শাড়ি ও ব্লাউজ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে নারীদের জন্য পূর্ণহাতা পোশাক ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। মৌসুমভেদে শার্ট অর্ধহাতা বা পূর্ণহাতা ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নতুন ইউনিফর্ম কার্যকর করার মাধ্যমে বাহিনীর পরিচিতি ও কার্যকারিতা আরও আধুনিক ও সমন্বিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV