ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিনলাখপীর–চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় একটি ডিস্ট্রিক্ট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মাসুক মিয়া (১৮) ও আরশাদ (১৮)। মাসুক মৃত অহাব মিয়ার ছেলে এবং আরশাদ মো. ফরহাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ট্রাকটি ওই সড়ক দিয়ে চলাচলের সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে যানটি সড়ক থেকে ছিটকে পাশের খালে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা দুই কিশোর গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
একই এলাকার দুই তরুণের আকস্মিক মৃত্যুর খবরে শাহবাজপুর ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply